জেলা বিচার বিভাগ ও ম্যাজিস্ট্রেসিকে সংস্কারক ও উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ শনিবার ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনভিপির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান তিনি।
'জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে সেমিনারের আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগ সম্পর্কিত ধারাবাহিক সেমিনারের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের সেমিনার সিরিজের আওতায় উত্থাপিত সকল ধারণা এবং প্রস্তাবিত মূলভিত্তিগুলোর পর্যালোচনার একটি দারুণ সুযোগ সৃষ্টি করেছে। এই সেমিনারটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশ ব্যাপক সংস্কার কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন খাতভিত্তিক সংস্কার প্রস্তাবের ওপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, এখানে আমাদের মনে রাখা উচিত বিচার বিভাগ গত বছরের সেপ্টেম্বর থেকে এর সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে।
প্রধান বিচারপতি আরও বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় আয়োজিত সংস্কার রোড শো এখন একটি শক্তিশালী গতি অর্জন করেছে। এর ফলে জেলা আদালত এবং বিচারিক ম্যাজিস্ট্রেসি নিজেদের সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।
তিনি বলেন, এখন সময় এসেছে, আমাদের সংস্কার প্রচেষ্টার স্থায়িত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করার। এজন্য জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসিকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সংস্কারক এবং উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ করতে এবং গত বছরের ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি কর্তৃক ঘোষিত অভিভাষণে উপস্থাপিত সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, আগামী সপ্তাহ এবং মাসগুলো জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই সময় আমাদের যৌথ প্রচেষ্টা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন এবং ভবিষ্যৎ সংস্কারের পথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমার বার্তা খুবই স্পষ্ট: দায়িত্ব নিন। আমি আশা করি, এই বার্তা সারা দেশে শক্তিশালীভাবে প্রতিধ্বনিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং ইউরোপিয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সেমিনারে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির বাঙলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। তিনি দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপকে যুগোপযোগী পদক্ষেপ উল্লেখ করে উন্নয়ন সহযোগী হিসেবে বিচার বিভাগের আধুনিকায়নে পাশে থাকার আশ্বাস দেন।
