ক্রমাগত ধর্ষণ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও সোচ্চার হয়ে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পরিস্থিতি এখন খুবই নাজুক। আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। অন্যথায় এর খারাপ প্রভাব সবার মধ্যে পড়বে। দেশকে স্থিতিশীল করার এখনই সময়। এতে যদি আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা না করে তাহলে শিক্ষার্থীরাই কমিটি গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘সারা দেশে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ধর্ষণ বৃদ্ধি পেয়েছে আমরা সেসবের তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানাই। বর্তমান নাজুক পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনি সবর হোন, ধর্ষক ও আর পরিস্থিতি অবনতির জন্য দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসুন। যদি আপনি যদি ব্যর্থ হন তাহলে এ পদে থাকার যোগ্যতা নেই।’
