জমিসংক্রান্ত দ্বন্দ্বে বাংলা সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির কন্যার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দিতিকন্যা লামিয়া চৌধুরী এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে লামিয়া লিখেছেন, আমার সঙ্গে কি কেউ নেই, আমার বাবা-মা মারা গেছেন বলে আমার পাশে কেউ নেই? কেউ নেই, কেউ নেই।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়ায় অভিনেত্রী দিতির বাড়ি রয়েছে। সেখানে তার ভাই-বোনরা থাকেন। ওই বাড়ি ও আশপাশের সম্পত্তি নিয়ে দিতির সঙ্গে তার ভাই টিপুর দ্বন্দ্ব ছিল। টিপুর মৃত্যুর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে টিপুর স্ত্রী ১০-১২ জনকে নিয়ে ফের জমি দখলের চেষ্টায় চালান। এ সময় দিতির আরেক ভাই আনোয়ার, বড় বোন মঞ্জু ও দিতির মেয়ে লামিয়া বাধা দেন। একপর্যায়ে লামিয়ার গাড়িতে হামলা চালিয়েছে গ্লাস ভেঙে ফেলে তারা। একপর্যায়ে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।
এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত আছে কি না, খতিয়ে দেখা হবে। তবে তাদের পারিবারিক দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, হামলার ঘটনা শুনতে পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। ভুক্তভোগীর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
