চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই দৃষ্টিকটু একটা ভুল করে ফেলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গতকাল শনিবার লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে হুট করে বেজে উঠেছিল ভারতের জাতীয় সঙ্গীত। এই ঘটনায় বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে তারা আইসিসির কাছে ব্যখ্যা চেয়েছে।
আইসিসির টুর্নামেন্টের নিয়মানুযায়ী, ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা তখন মাঠে নেমে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন। হুট করে বেজে উঠে ভারতের জাতীয় সঙ্গীত। ‘ভাগ্যবিধাতা’ কথাটি স্পষ্ট শোনা যায়। সেটা শুনেই চিৎকার শুরু হয় মাঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও হতবাক হয়ে যান।
কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য ভুল বুঝতে পেরে ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করে দেওয়া হয়। তারপর শুরু হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। কিন্তু অন্য দুই দেশের ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বাজার ভিডিও ভাইরাল হয়ে যায়। শুরু হয় সমালোচনা। চলতি আসরে পাকিস্তানে কোনো ম্যাচই খেলবে না ভারত। হাইব্রিড মডেলের টুর্নামেন্টে ভারতের তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।
এই ঘটনার ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পিসিবি। সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক সূত্র বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে স্পষ্টভাবে এই ঘটনার জবাব চাওয়া হয়েছে। কারণ, জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্বে ছিলেন আইসিসির কর্মীরাই। যেহেতু ভারত পাকিস্তানে খেলছেই না, তাই কীভাবে ওদের জাতীয় সঙ্গীত বাজানো হলো- সেটার ব্যাখ্যা চেয়েছে পিসিবি।’
চোটাক্রান্ত মাহমুদউল্লাহ কি আদৌ খেলতে পারবেন?
নিশ্চিত পরাজয়ের মুখে জাদু দেখালেন মেসি