দু'ম্যাচ খেলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় বাংলাদেশ, সঙ্গে পাকিস্তানও

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটের হেরে গেছে বাংলাদেশ। তাতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের স্বপ্নও শেষ হয়ে গেল নাজমুল হোসেন শান্তদের। একইসঙ্গে বিদায়ঘণ্টা বেজে গেল টুর্নামেন্টের স্বাগতিক পাকিস্তানেরও। গ্রুপ ‘এ’ থেকে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

২ মার্চ দুবাইয়ে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। তবে ম্যাচের ফল যাই হোক না কেন, ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলবে ভারত, আর নিউজিল্যান্ড খেলবে দ্বিতীয় সেমিফাইনালে ৫ মার্চ লাহোরে।

বাংলাদেশের জন্য এই ম্যাচ ছিল শেষ সুযোগ, কিন্তু ব্যাটিং ব্যর্থতার গল্প থেকে বের হতে পারল না টাইগাররা। নিউজিল্যান্ডের বোলার মাইকেল ব্রেসওয়েল একাই যেন ধসিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১০ ওভার বল করে মাত্র ২৬ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের জয়ের ভিত গড়ে দেন তিনি।

এরপর রান তাড়ায় বাংলাদেশি বোলারদের ওপর ঝড় তুললেন রাচিন রবীন্দ্র। ১০৫ বলে ১২ চার ও ১ ছক্কায় সাজানো ১১২ রানের ইনিংস খেলে তিনি একাই ম্যাচ শেষ করে দেন প্রায়। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয়-সিরিজে ফিল্ডিংয়ের সময় মাথায় গুরুতর চোট পেয়ে তিনটি ম্যাচ মিস করা এই বাঁহাতি ব্যাটার ফিরেই বুঝিয়ে দিলেন, কেন তিনি নিউজিল্যান্ডের জন্য এত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, পাকিস্তান ও বাংলাদেশের জন্য টুর্নামেন্ট কার্যত শেষ। দুই দলই এখনো কোনো জয় পায়নি। স্রেফ আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে হবে ২৭ ফেব্রুয়ারি, যেখানে মূলত সম্মান রক্ষাই একমাত্র লক্ষ্য হবে দুই দলের জন্য।

এদিকে গ্রুপ ‘বি’-তে এখনো টিকে আছে উত্তেজনা। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা—চার দলই সেমিফাইনালের দৌড়ে রয়েছে। তবে প্রথম ম্যাচ হেরে ইংল্যান্ড ও আফগানিস্তান আছে চাপের মুখে। বাকিটা নির্ভর করছে সামনের ম্যাচগুলোর ফলের ওপর!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত