স্ক্রিনপ্রিন্টের ব্যবসা করে অনেকেই সাবলম্বী এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। অল্প পুঁজিতে কীভাবে স্ক্রিনপ্রিন্টের ব্যবসা করতে পারেন সে বিষয়ে ব্যবসার শুরুতে অনেক কিছু জানতে হবে।
স্ক্রিনপ্রিন্ট এক ধরনের যন্ত্র, যা ছাপা ও ডিজাইনের কাজে ব্যবহার করা হয়। বর্তমানে এর চাহিদা রয়েছে। অফিশিয়াল কর্মকা- থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন ডকুমেন্টে স্ক্রিনপ্রিন্টের প্রয়োজন পড়ে। শুধু কাগজের কাজই নয়, এটি কাপড়ের কাজেও বেশ কাজে লাগে। এছাড়া টি-শার্ট, মগ বা খেলনার গায়ে নকশা তৈরিতেও স্ক্রিন প্রিন্ট ব্যবহার করা হয়। অল্প পুঁজিতে যারা ভালো আয়ের পথ খুঁজছে, তাদের জন্য এ ব্যবসাটি পারফেক্ট বলা যায়। এ ব্যবসার জন্য প্রথাগত শিক্ষার প্রয়োজন নেই। কয়েকটি বিষয় ঠিকভাবে গুছিয়ে নিতে পারলেই শুরু করতে পারেন স্ক্রিনপ্রিন্টের ব্যবসা। এ ব্যবসার শুরুতে ভয় বা হতাশ হওয়ার কিছু নেই, কেননা এতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নেই।
কীভাবে শুরু করবেন : স্ক্রিনপ্রিন্টের ব্যবসা শুরুর আগে প্রয়োজন মূলধন এবং বাজার সম্পর্কে প্রয়োজনীয় ধারণা। আরও প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। যন্ত্রের সঙ্গে প্রয়োজনীয় কী কী উপকরণ লাগছে, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। এর পরিমাণ, দাম প্রভৃতি বিষয়ে সঠিক ধারণা রাখতে হবে। এছাড়া কোথা থেকে ব্যবসা শুরু করবেন, সে বিষয়ে নজর দিতে হবে। স্ক্রিনপ্রিন্টের সঙ্গে প্রয়োজনীয় কিছু উপকরণ কিনতে হবে। এগুলো হলো ফ্ল্যাট টেবিল, ফ্রেম, তরল রঙ, রাবার, এম ৫০, এনকে ফাইন্ডার, প্লাস্টিক ডিজাইন সেট প্রভৃতি।
ব্যবসার শুরুতে : প্রিন্টার যন্ত্রটার জন্য ‘স্ক্রিন প্রিন্ট অ্যানালগ ট্রেড লাইসেন্স’ লাগবে। এ লাইসেন্স থাকলে ব্যবসা পরিচালনা করতে সুবিধা হবে। এ কাজে উচ্চশিক্ষার প্রয়োজন না হলেও অন্তত সৃজনশীল হতে হবে। যেহেতু পোশাকে স্ক্রিনপ্রিন্টের কাজ বেড়ে গেছে, তাই কোন কাপড়ে কোন রঙ দেখতে ভালো লাগবে, তা বিবেচনায় রাখতে হবে। বিষয়টি নখদর্পণে রাখতে পারলে ভালো। স্ক্রিনপ্রিন্টের যে ধরনের কাজে চাহিদা বেশি তা আগে শুরু করতে পারলে ভালো। যেমন ব্যানার ও টি-শার্টে স্ক্রিনপ্রিন্টের চাহিদা বেশি। প্রাথমিক পর্যায়ে এগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তাহলে লাভ করা সম্ভব। কাজের মান ভালো হলে ধীরে ধীরে অর্ডার বেড়ে যাবে। কাজের অর্ডার পেতে পারেন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও। তাই যোগাযোগে দক্ষ হতে হবে। অর্ডারের জন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।
কোথায় শিখবেন : সরকারিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনে স্ক্রিনপ্রিন্টের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। অথবা পরিচিত কেউ এ ব্যবসায় যুক্ত থাকলে তার কাছ থেকেও প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।