নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে পদত্যাগ করায় নাহিদ ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে নাসির বলেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে।
তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলির অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।
নাছির উদ্দীন নাছির বলেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য।
তিনি লেখেন, নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নাই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সকল ছাত্রপ্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সঙ্গে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে।
