লিভারপুলের বড় শিরোপা সালাহকে এনে দিতে পারে ব্যালন ডি'অর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম

বত্রিশ বছর বয়সে এসেও যেন নিজের সেরা রূপে মোহামেদ সালাহ। গোল করা, সতীর্থদের গোল করানো—সব মিলিয়ে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর ফুটবলার এখন তিনি। তার এই দুর্দান্ত ফর্ম শুধু লিভারপুলকে শিরোপার দৌড়ে এগিয়ে দিচ্ছে না, বরং ব্যালন ডি’অর জয়ের স্বপ্নও বাস্তবে রূপ দিতে পারে। লিভারপুল কোচ আর্নে স্লটও মনে করেন, দল বড় কোনো শিরোপা জিতলে সালাহর সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।  

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের সবচেয়ে বড় অস্ত্র এই মিশরীয় ফরোয়ার্ড। এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ ২৫ গোল করেছেন তিনি, পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করে সতীর্থদেরও দারুণ সহায়তা দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহর গোল সংখ্যা ৩০, অ্যাসিস্ট ২১। এই পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছে।  

তবে ব্যালন ডি’অর জেতার জন্য ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত সাফল্যও জরুরি। লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে, আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে। তাদের সামনে আছে লিগ কাপের ফাইনাল, যেখানে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল।  

১৯৯৫ সালে লাইবেরিয়ার জর্জ ওয়েহ ব্যালন ডি’অর জেতার পর আর কোনো আফ্রিকান ফুটবলার এই স্বীকৃতি পাননি। ইংলিশ ক্লাবের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন মাইকেল ওয়েন, ২০০১ সালে। এরপর থেকে কেবল রোনালদো (২০০৮) ও রদ্রি (২০২৪) ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটির হয়ে এই পুরস্কার জিতেছেন।  

লিভারপুল কোচ স্লটও স্বীকার করেছেন, সালাহর অসাধারণ ফর্ম থাকলেও, বড় কোনো শিরোপা ছাড়া ব্যালন ডি’অর জয় কঠিন হতে পারে। তিনি বলেন, "সালাহ দারুণ খেলছে, তাই তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তবে ব্যালন ডি’অর জিততে হলে দলগত সাফল্যও প্রয়োজন। তাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো শিরোপা জেতা, যাতে সালাহর সম্ভাবনাও বাড়ে।"  

সালাহর পারফরম্যান্স যত ভালো হচ্ছে, লিভারপুলের জন্য তাকে দলে রাখা তত কঠিন হয়ে যাচ্ছে। তার বর্তমান চুক্তি মৌসুম শেষে শেষ হবে, এবং ক্লাব এখনও নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। স্লট মজার ছলে বলেছেন, "সে যত ভালো খেলবে, তার দাম তত বাড়বে। এটা ভালো ব্যাপার, তবে যার তাকে বেতন দিতে হবে, তার জন্য কঠিন!"

লিভারপুলের সামনে এখন লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ জয়ের সুযোগ। আর সালাহর সামনে ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন। সব মিলিয়ে, সালাহ ও লিভারপুলের এই মৌসুম হতে পারে ইতিহাস গড়ার এক বড় সুযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত