কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে ২ জনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
অপহৃত দুই জন হলেন জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।
ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে দুইজন গরু নিয়ে পাহাড়ের পাশে গেলে মুখোশধারী সন্ত্রাসীরা গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয় লোকজন। এখন র্পযন্ত কোনও ফোন করা হয়নি। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন শাহ জানিয়েছেন, জনপ্রতিনিধির মাধ্যমে খবরটি পাওয়ার পর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।
