বয়স প্রায় পঞ্চাশ। তবে এখনো তিনি অবিবাহিত। ঘরে অবশ্য সন্তান রয়েছে! দত্তক নিয়েছেন দুই সন্তান। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কথা। সিঙ্গেল মাদার হিসেবে তার ভূমিকা অতুলনীয়। এমনকি তিনি রূপে-গুণেও অনন্যা।
ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সুস্মিতা।
অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে তিনি বললেন, ‘আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার, যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পায়। যেদিন এটা সম্ভব হবে, সেদিনই বিয়ে করে নেব।’
সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী।
কোনো আপত্তি ছাড়াই এই প্রাক্তন বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন। সুস্মিতার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলোআনা, শুধু সঠিক পাত্রের অভাব!
ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদি থেকে রহমান শলের সঙ্গে। ২০২১ সালে প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। এর পরের বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত। ওই বছরই ললিত মোদি সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু পরে চিড় ধরে তাদের সম্পর্কে।
