পেছাতে পেছাতে এবার ২০২৬ সালের জানুয়ারিতে গিয়ে ঠেকেছে ১৪তম এসএ গেমস। মঙ্গলবার লাহোরে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের এক সভায় চূড়ান্ত হয়েছে মাল্টি ডিসিপ্লিন গেমসের সূচি। ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের তিনটি শহর লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদে হবে এই আসর। যেখানে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে।
সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি আরিফ সাইদের সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত সভায় সাতটি সদস্য দেশের ছয়টির প্রতিনিধি সশরীরে উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেন সভায়। বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু এবং নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
সভায় দক্ষিণ এশীয় আঞ্চলের ক্রীড়া উন্নয়নকে উৎসাহিত করতে এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিশ্রুতিকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়। দক্ষিণ এশিয়ার কৃতী ক্রীড়াবিদদেরও প্রশংসা করা হয়, যেখানে উঠে আসে অলিম্পিকের পরপর দুই আসরে জ্যাভলিন থ্রো ইভেন্টের সোনাজয়ী ভারতীয় নিরাজ চোপড়া ও আরশাদ নাদিমের নাম।
এদিকে সভায় ১৪তম এসএ গেমস ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহরে আয়োজনের ব্যাপারে উপস্থিত সবাই সম্মতি প্রকাশ করে। ভারতের প্রতিনিধি মিস নাসিমা খানও গেমসে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দেন বলে জানান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ‘সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বারবার পেছানোর বিষয়টিও আলোচিত হয়েছিল। তবে এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত মিলেছে, তারা ভীষণভাবে আগ্রহী আগামী বছর জানুয়ারিতে গেমস আয়োজনের ব্যাপারে। এছাড়া সভায় পরবর্তী গেমসের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নাম অনুমোদিত হয়।’
এবার মোট ২৭টি ডিসিপ্লিন নিয়ে হবে এই আসর। আগামী ৩১ মার্চের মধ্যে হ্যান্ডবুক প্রস্তুত করা হবে। আর ইভেন্ট চূড়ান্ত করা হবে পরবর্তী সভায়। তবে সিদ্ধান্ত হয়েছে একটি ইভেন্টে চার সদস্য দেশের প্রতিযোগী না থাকলে সেটি আয়োজন করা হবে না। ১৪তম এসএ গেমসের ডিসিপ্লিনগুলো হলো- সাঁতার, আরচারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও স্নুকার, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল থ্রি অন থ্রি এবং ফাইভ অন ফাইভ, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, বিচ হ্যান্ডবল, হকি, কাবাডি, রাগবি, ভলিবল এবং বিচ ভলিবল এবং রোয়িং।
