জেলে বসেই বাবর-রিজওয়ানদের কঠোর সমালোচনায় ইমরান খান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাবন্দি। রাজনৈতিক কারণে তাকে কারাগারে যেতে হয়েছে। সেখানে বসেই তিনি জানতে পেরেছেন যে, প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে তার দেশ। এতে বেজায় চটেছেন ইমরান খান।

করাচিতে গত বুধবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। এরপর দুবাইয়ে গত রবিবার তারা ভারতের কাছে হেরেছে ৬ উইকেটে। এতে তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সর্বশেষ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের পরাজয়ে তা নিশ্চিত হয়ে যায়।

শিরোপা ধরে রাখার অভিযানে নেমে রিজওয়ান–বাবর–আফ্রিদিদের এমন পারফরম্যান্সে চটেছেন ইমরান খান। গতকাল জেল গেটের বাইরে ইমরানের বোন আলিমা খান সাংবাদিকদের এই তথ্য জানান। আলিমার ভাষায়, ‘ইমরান বলেছেন, ফেবারিটদের (পছন্দের ব্যক্তিদের) সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’

ভারতের কাছে রিজওয়ানদের অসহায় আত্মসমর্পণ ইমরান মানতে পারছেন না বলে জানিয়েছেন আলিমা খান, ‘ভারতের বিপক্ষে (পাকিস্তানকে) হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত