আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার নিমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসউদ। রাতে নিজের ফেসবুক আইডিতে ড. ইউনূসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মাসউদ।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪-পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।’
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিলে ড. ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে দাবি ওঠে আন্দোলনকারী ছাত্রদের মধ্য থেকে নতুন রাজনৈতিক দল গঠনের। এর ধারাবাহিকতায় গঠিত হলো নতুন দল যার আনুষ্ঠানিক ঘোষণা হবে শুক্রবার।
