নিউ ইস্কাটনে এসি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভবনে এসি বিস্ফোরিত হয়ে আব্দুল মালেক খান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুক (৪০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

নিহত আব্দুল মালেক খান ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। দগ্ধ মো. ফারুক পেশায় গাড়িচালক।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, আব্দুল মালেক খান ও মো. ফারুক নিউ ইস্কাটনের ওই ভবনে পাঁচতলায় থাকতেন। রাত আনুমানিক ৩টার দিকে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভান। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আব্দুল মালেক খানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

নিহতের ছোট ভাই সোহেল খান জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার ভাই মালেক বিয়াম কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। ওই কার্যালয়েই থাকতেন তিনি।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোরে নিউ ইস্কাটন থেকে একজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছেন। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত