যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ, বাবার পর ছেলের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় বাবার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে। তার নাম তানভীর (৯)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে মারা যায় সে। এর আগে, ২৪ সেপ্টেম্বর মারা যান তার বাবা তুহিন হোসেন (৩৮)। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় তার মা ইভা ৮ শতাংশ, ভাই তাওহীদ ১৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে ২০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির ৭ম তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার  (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। 

দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, বাসায় পরিবারটির ওই ৪ সদস্য থাকেন। তুহিন মোতালিব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন আর তার স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদেরকে উদ্ধার করে বার্ন ইন্সটিটিউটে নিয়ে এসে ভর্তি করেন।

তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দিঘলপাড়া গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত