নতুন দলের আত্মপ্রকাশ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র-জনতার ঢল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে শুরু করেছেন ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে ছাত্র-জনতার ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ওই এলাকা।

আজ শুক্রবার বিকেলে দলটির আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের লক্ষ্য করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ইতোমধ্যে দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম একবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এদিন দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে। পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন প্রত্যাশা আগতদের।

সমাবেশে যোগ দিতে দেশের প্রান্তিক এলাকা থেকে আসছেন প্রবীণরাও। বিগত দিনের রাজনীতির খুঁটিনাটি ভুল এবং তা থেকে উত্তরণে তরুণদের ওপর আস্থা তাদের।

এদিকে সড়কের ওপর মঞ্চ তৈরি করায় মিরপুর সড়কের আড়ং থেকে খামারবাড়িমুখী রাস্তা বন্ধ রয়েছে। আড়ং মোড়ে ব্যারিকেড দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। ফলে সেই রাস্তায় যান চলচল বন্ধ রয়েছে। তবে খামারবাড়ি থেকে আড়ং অভিমুখী রাস্তা খোলা রয়েছে। সেই রাস্তা যান চলাচল করছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউর মাঝখানের ক্রসিং খোলা থাকায় সেখান দিয়ে যানবাহন ইউটার্ন নিতে পারছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিদের জন্য অনুষ্ঠানস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও আয়োজকদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগার। এ ছাড়া ঢাকা ওয়াসার পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত