‘৭ লাখে মুক্তি’ পেলেন দুই অপহৃত কৃষক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে ‘সাত লাখ টাকা মুক্তিপণ’ আদায়ের পর অপহৃত দুই কৃষককে ছেড়ে দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা সংলগ্ল পাহাড়ি এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।

ছাড়া পাওয়া ভুক্তভোগীরা হলেন, টেকনাফের জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।  

এর আগে মঙ্গলবার সকালে টেকনাফের জাহাজপুরা সংলগ্ন পাহাড়ে গরু চড়ানোর সময় মুখোশধারী কয়েকজন দূর্বৃত্ত দুই কৃষককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরদিন বুধবার অজ্ঞাত পরিচয়ে এক দূর্বৃত্ত মোবাইল ফোনে কল দিয়ে তাদের ছেড়ে দিতে স্বজনদের কাছে ২৫ লাখ মুক্তিপণ দাবি করে। 

আর ঘটনাটি অবহিত হওয়ার পর তাদের উদ্ধারে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়।

ভুক্তভোগীদের স্বজনের বরাতে রফিকুল ইসলাম বলেন, স্থানীয় দুই কৃষক অপহৃত হওয়ার পর থেকে ছেড়ে দিতে মোবাইল ফোনে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। কিন্তু ভুক্তভোগীদের স্বজন দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় দূর্বৃত্তরা চারদিন জিম্মি করে রাখে। পরে ৭ লাখ টাকায় অপহৃতদের ছেড়ে দিতে রাজি হয়। এদের মধ্যে আহমদ উল্লাহ’র স্বজনরা ৬ লাখ টাকা এবং জসিম উদ্দিনের স্বজনরা ১ লাখ টাকা মুক্তিপণ দিয়েছে।

তবে মুক্তিপণের টাকা কোথায়, কিভাবে; কাদের কাছে দেওয়া হয়েছে- এমন তথ্য স্বজনরা দেননি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, অপহৃত দুই কৃষককে জিম্মি রেখে নির্যাতন চালানো হয়েছে। ছাড়া পাওয়ার পর স্বজনরা তাদের চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল ভর্তি করেছেন।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘মুক্তিপণ আদায়ের বিষয়টি নিয়ে পুলিশ অবহিত নয়। তবে দূর্বৃত্তরা অপহৃত দুই কৃষককে ছেড়ে দিয়েছে এটা স্থানীয়দের মাধ্যমে শুনেছি। স্বজনরা এখন পর্যন্ত অভিযোগ দেননি।’

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত