ডেভিল হান্টে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার ১১৩১৩

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৩০ এএম

দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৮ ফেব্রুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৩১৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় লোকজন। এ তথ্য দিয়েছে ‘মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’ (এমএসএফ) । প্রতিষ্ঠানটির ফেব্রুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। গতকাল এ প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠিয়েছে এমএসএফ। প্রতিষ্ঠানটি গণমাধ্যমের খবর ও নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য  অনুযায়ী, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজার ৩৭২ জনকে।

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৬১৮ : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে চালানো বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনকে। পাশাপাশি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্টের কার্যক্রম বাড়ানো হয়েছে।

গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬১৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৭৮৬ জনকে। সব মিলিয়ে সারা দেশ থেকে গ্রেপ্তার হয়েছে এক হাজার ৪০৪ জন। গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া অভিযানটিতে ১১ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হলো।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারদের কাছ থেকে দুটি টিপ ছোরা, একটি লোহার রড, একটি দেশীয় এলজি, একটি কার্তুজ, একটি ছুরি, চারটি চাকু ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২৮ জনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত