টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ৬০ জন মাদকবিক্রেতা, মাদকসেবী ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্র।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উল ইসলাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় সন্ধ্যায় টঙ্গির মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্যরা, র্যাব, পুলিশ অংশ নেয়।
অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
