তুরাগ নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৭:৩৯ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারে যাতায়াতের জন্য টঙ্গীর-আব্দুল্লাহপুরে সংযোগ স্থাপনের জন্য তুরাগ নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন সৃষ্টি করেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

টঙ্গী বাজারের ব্যবসায়ীরা জানান, টঙ্গী বাজার একটি পুরাতন ঐতিহ্যবাহী বাজার। এখানে ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ নদের দক্ষিণ পাড়ের মানুষ সাপ্তাহিক বাজারসহ প্রতিদিন টঙ্গী বাজারে এসে ব্যবসা-বাণিজ্য ও বাজার করে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি লেন চালু হওয়ার আগে নদের ওপর স্থাপিত দুটি কংক্রিটের ব্রিজ ভেঙে সেখানে অস্থায়ীভাবে বেইলি ব্রিজ তৈরি করা হয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এ ব্রিজ ব্যবহার করে আসছিল। সম্প্রতি একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ায় অন্য ব্রিজটিও অপসারণ করা হয়। এতে টঙ্গী বাজারের সঙ্গে আব্দুল্লাপুর ও উত্তরার মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ফ্লাইওভার নির্মাণ করায় সেটি দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। ফলে বাজারে ক্রেতাসংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে বাজারে মালামাল পরিবহনও বিঘœ ঘটছে। তাই বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে তুরাগ নদের ওপরে একটি বিকল্প ব্রিজ নির্মাণ খুবই জরুরি।

এদিকে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রায় পৌনে ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। ফলে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। পরে পৌনে ১২টার দিকে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত