‘বড় ধাক্কা’ খেল রিয়াল মাদ্রিদ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:২১ এএম

স্প্যানিশ ফুটবলার ইসকো ক্যারিয়ারের শুরুতে ছিলেন ভ্যালেন্সিয়াতে। এরপর মালাগা ঘুরে ২০১৩-২২ পর্যন্ত খেলেন রিয়াল মাদ্রিদে। এখন খেলছেন রিয়াল বেতিসে। ক্যারিয়ারে রিয়ালের বিপক্ষে এর আগে ৮ ম্যাচ খেলে করেছিলেন এক গোল। ক্যারিয়ারের সবচেয়ে দামি গোলটা করলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ইসকোর এই গোলে বেতিস ২-১ এ হারিয়েছে রিয়ালকে। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ বছর পর রিয়ালের বিপক্ষে কোনো ম্যাচ জিতল বেতিস। এই হারে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল।

কোপা দেল রে’র ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে খেলাননি রিয়াল মাদ্রিদ কোচ। তবে বেতিসের বিপক্ষে একাদশে ফেরান। ম্যাচের দশ মিনিটে রিয়ালের করা গোলে অবদান আছে এমবাপ্পেরও। এমবাপ্পে দারুণ থ্রু পাস বাড়ান ডি-বক্সে। গোলকিপারকে এগিয়ে আসতে দেখে ডানদিকে বল বাড়ান ফেরলান মেদি, প্রথম ছোঁয়ায় ফাঁকা জালে বল পাঠান ব্রাহিম দিয়াজ। গোল হজমের পর নিজেদের গুছিয়ে নিয়ে বেশ কয়েকবার আক্রমণে ওঠে বেতিস। ৩৪ মিনিটে সমতাও ফেরায় তারা। ইসকোর কর্নারে হেডে সমতা টানেন কার্দোসো। বল রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার হাতে লেগে জালে জড়ায়।

৫৩ মিনিটে সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার হেসুস রদ্রিগেজ। তাকে পেছন থেকে আন্টোনিও রুডিগার ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করেন ইসকো।

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। রিয়ালের হারের দিনে লিগে (১-০) জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৫৯ মিনিটে সরলথের বদলে আলভারেজকে মাঠে নামান আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনে। মাঠে নামার সাত মিনিট পর গোল করেন আলভারেজ। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় আতলেতিকো। লা লিগায় ২৬ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট আতলেতিকোর। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। ৫৪ পয়েন্ট বার্সেলোনারও। গতকাল রাতে বার্সেলোনা সোসিয়াদাদের বিপক্ষে জয় পেয়ে থাকলে শীর্ষে উঠে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত