নীতিমালা ছাড়া মৃত্যুদন্ড, আমৃত্যু কারাবাস, যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ দ-প্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রয়োগের বৈধতা প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। এই ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা কেন প্রণয়ন করা হবে না, রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।
এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।
