বলিভিয়ায় বাস গিরিসংকটে পড়ে নিহত অন্তত ৩১

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:০৭ এএম

বলিভিয়ার দক্ষিণাঞ্চলের এক মহাসড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় একটি বাস গিরিসংকটে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি আন্তিপ্লানোর অরুরো শহর ও পার্বত্য অঞ্চলীয় খনি শহর পোতোসির মধ্যবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত করেন পুলিশের মুখপাত্র লিমবার্ট চোকি।

পুলিশ জানায়, সংঘর্ষের পর বাসটি মহাসড়ক থেকে ছিটকে একটি গিরিসংকটের ৫০০ মিটার নিচে গড়িয়ে পড়ে। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুয়িস আর্সে। এর আগে শনিবার ভোরে দুই বাসের মধ্যে সংঘর্ষে দেশটির পোতোসি অঞ্চলে আরেকটি মহাসড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত