দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ। আবার দৈনিক ভিত্তিতে টাকা ধার দেওয়াও বন্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এবার আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণে (সিআআর) পরিবর্তন আনা হলো। এতদিনে আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে আজ বুধবার থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই হবে। এর ফলে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল বাড়বে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংকে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখতে হয়।
মুদ্রানীতি কাঠামোয় অধিকতর উৎকৃষ্টতা আনয়ন এবং তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ থেকে তা পরিবর্তন হবে। নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে কমপক্ষে ৩ শতাংশ হবে এবং দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাস মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে বন্ধ হবে ১৪ দিনের রেপো। এর ফলে ব্যাংকগুলো শুধু সপ্তাহে এক দিন মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ দিয়ে টাকা ধার করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঋণের শর্তে আইএমএফ মুদ্রানীতি কাঠামো আধুনিকায়নের পরামর্শ দিয়েছে। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো দৈনিক ভিত্তিতে টাকা ধার নেওয়ার সুযোগ পাচ্ছে না। আগামীতে ১৪ দিন ও ২৮ দিন মেয়াদে টাকা ধার নেওয়াও বন্ধ হচ্ছে।
