আমেরিকার বিশ্বকাপ ফাইনালে ‘কোল্ডপ্লে’র প্রযোজনায় হবে ‘হাফটাইম শো’

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে থাকছে সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো! ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে দর্শকদের জন্য বিশেষ চমকের ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 

আগামী ১৯ জুলাই, ২০২৬, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের চূড়ান্ত লড়াই। আর সেই ম্যাচের বিরতিতে হবে এক অনন্য সাংস্কৃতিক আয়োজন, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাবে। 

এই ব্যতিক্রমী শো প্রযোজনা করবেন বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের লিড সিঙ্গার ক্রিস মার্টিন ও ম্যানেজার ফিল হার্ভে। তবে কোল্ডপ্লে নিজেরা পারফর্ম করবে না। তারা একদল শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে এই বিশ্বকাপ ফাইনালের বিশেষ পারফরম্যান্স আয়োজন করবেন। 

সাধারণত ফুটবলে হাফটাইমের বিরতি ১৫ মিনিট। তবে সুপার বোলের মতো দীর্ঘ পারফরম্যান্সের জন্য বিরতি কিছুটা বাড়তে পারে। আমেরিকান ফুটবলে সুপার বোল হাফটাইম শো প্রায় ৩০ মিনিটের হয়ে থাকে। ফিফা যদি সেই পথেই হাঁটে, তবে ফুটবলের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে বিশ্বকাপ ফাইনালের হাফটাইম কিছুটা দীর্ঘায়িত হতে পারে। 

শুধু ফাইনালই নয়, বিশ্বকাপের শেষ সপ্তাহে নিউইয়র্কের টাইমস স্কয়ার পুরোপুরি রূপ নেবে ফুটবল উৎসবে! ইনফান্তিনো জানিয়েছেন, ব্রোঞ্জ ফাইনাল ও মূল ফাইনালের সময় টাইমস স্কয়ার হবে ফুটবলপ্রেমীদের মিলনমেলা। 

বিশ্বকাপের মতো ঐতিহাসিক আসরে এই নতুন উদ্যোগ ফুটবলপ্রেমীদের জন্য এক বিশাল চমক হতে যাচ্ছে, যা ফুটবল সংস্কৃতির নতুন দিগন্ত খুলে দেবে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত