গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে খেলার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মো. আব্দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার বরমী ইউনিয়নের গারারণ গ্রামের ময়না ডেইরি ফার্ম-সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (২) উপজেলার বরমী ইউনিয়নের গারারণ গ্রামের আল আমিনের ছেলে।
জানা গেছে, রেললাইনের পাশে শিশু আবদুল্লাহ খেলা করছিল। এ সময় তার সাথে আরও বেশ কজন শিশু ছিল। সবার চোখের অগোচরেই আবদুল্লাহ রেললাইনে উঠে আসে। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, শিশুটি বাড়ির পাশে খেলার সময় সবার অগোচরে রেললাইনে উঠে আসলে এ দুর্ঘটনা ঘটে।
