এক দিনে দুই বস্তিতে আগুন পুড়ল দুই শতাধিক ঘর

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪৩ এএম

রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তি এবং ভাসানটেকের আবুলের (বিআরপি) বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে গাবতলী শাহী মসজিদ বস্তি ও দুপুরে ভাসানটেকের আবুলের বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এবং লুটপাটের অভিযোগও উঠেছে।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগে রাত ৩টা ৮ মিনিটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দ্রুত পদক্ষেপে পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি ও কয়েকটি দোকান পুড়ে গেছে। পাশের রোজিনা পরিবহনের দুটি বাসও পুড়ে যায়।

এদিকে দুপুরে ভাসানটেকের আবুলের বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খবর পাওয়ার পর দ্রুত কর্মী পাঠানো হয় এবং আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নেভানোর সময় বস্তির বাসিন্দা সিরাজুল ইসলামসহ কয়েকজন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত