বাংলাদেশ নিয়ে ভারত ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:৩১ এএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠক হয়েছে। এতে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। গত বুধবার যুক্তরাজ্যের সেভেনকসের চেভেনিং হাউজে হওয়া ওই বৈঠকে ইউক্রেন ও বাংলাদেশ ইস্যুও উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এস জয়শঙ্কর জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর।

জয়শঙ্কর পোস্টে লিখেছেন, ‘আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং কমনওয়েলথসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে আলোকপাত করেছি।’

তিনি এ-ও লিখেছেন, ‘একটি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত-যুক্তরাজ্য সম্পর্ক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখছে।’

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন নীতিতে পরিবর্তন এনেছে। এরপর থেকে যুদ্ধ এবং এটি নিয়ে ইউরোপীয় কৌশল ও সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রভাগে রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার পর তিনি যুক্তরাজ্যের কাছে আশ্রয় চেয়েছিলেন বলে শোনা গিয়েছিল। যদিও যুক্তরাজ্য ওই সময় জানায়, এমন পরিস্থিতিতে আশ্রয় দেওয়া কোনো আইনি বিধান তাদের নেই।

শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য। তিনি সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) দায়িত্বেও ছিলেন। তবে সমালোচনার মুখে গেল জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসে। এরপর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল।

যদিও বাংলাদেশ বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কি কথা হয়েছে তা স্পষ্ট করেননি জয়শঙ্কর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত