স্বেচ্ছাসেবক দল নেতার হামলা, মামলায় ঘরছাড়া প্রবাসী পরিবার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলীর বিরুদ্ধে এক বৃদ্ধাকে হামলার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে সবুরা বেগম (৭৫) বাদী হয়ে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা সবুরা বেগমের তিন ছেলের মধ্যে বড় ছেলে আবুল বাশারের স্ত্রীর ভাই লিয়াকত আলী। তিনি প্রায়ই তাদের বাড়িতে এসে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি করতে চাপ দেয়। সম্পত্তির প্রায় ৫ শতক জমি বন্ধক থাকায় তা ভাগ করা সম্ভব হচ্ছিল না। ছেলেরা তা বন্ধকমুক্ত করছিল না। লিয়াকত জোরপূর্বক বন্ধকদারকে হটিয়ে নিজের ভগ্নিপতিকে দিয়ে তা জবরদখল করার চেষ্টা করেছেন।

অভিযোগ, ২০০০ সালে পারিবারিক বিরোধ কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রী শাহেদা আক্তার ও মেজো ভাই আবদুল্লাহ আল বাবলুর ঝগড়া হলে লিয়াকত তার স্ত্রীকে দিয়ে ছবুরা খাতুনের পরিবারের ৫ জনের নামে ৩টি মামলা করে। এখন মামলার মীমাংসা ও চিকিৎসা খরচের নামে ১০ লাখ টাকা বা ৩০ শতক জমি দাবি করেছেন। বর্তমানে লিয়াকতের ভয়ে দুই ভাই আবদুল্লাহ আল বাবু ও আবদুল্লাহ আল বাবলু প্রবাসে বসবাস করছে। তাদের পরিবার দিন কাটাচ্ছে শ্বশুরবাড়িতে।

গত বৃহস্পতিবার ছবুরা বেগম বলেন, লিয়াকত গত ৪ মার্চ আমার বাড়ির উঠানে এসে আমাকে ও আমার পরিবারকে গালিগালাজ করেছে। ১০ লাখ টাকা পরিশোধ না করলে বাড়িতে থাকতে দেবে না বলেছে। মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে। বর্তমানে আমি তার ভয়ে আতংকিত অবস্থায় দিন কাটাচ্ছি।

কাজল নামে স্থানীয় এক মহিলা অভিযোগ করে বলেন, ১৫ বছর আগে ছবুরা বেগমের স্বামী আবুল খায়ের কালা মিয়া তার সম্পত্তি বন্ধক রেখে আমাদের কাছ থেকে ১ লাখ টাকা নেন। গত বুধবার লিয়াকত আমার স্বামী আবদুল হালিমকে মারধর করেন। তিনি বলেন কোনো টাকা নাকি আমরা পাব না। তাড়াতাড়ি তার বোনের জামাইকে বন্ধকী জমি ফিরিয়ে দিতে।

স্থানীয় মো. সিরাজ বলেন, ছবুরা বেগমের তিন ছেলে ও চার মেয়ের মধ্যে তাদের পৈত্রিক সম্পত্তি বণ্টন করার জন্য একাধিকবার আমরা সামাজিকভাবে সালিসি বৈঠকে বসি। কিন্তু ছবুরা বেগমের বড় ছেলের বৌ ও তার ভাই লিয়াকতের কারণে এই সমস্যার সুরাহা করা সম্ভব হয়নি। 

প্রবাসী আবদুল্লাহ আল বাবলু বলেন, আগেও লিয়াকত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমার মা, বোন, ভাই ও আমাদের পরিবারের সদস্যদের হয়রানি করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে ছোট বোনের পরিবারকে এক ধরনের জিম্মি করে সুকৌশলে হামলা, মামলা ও হুমকি দিয়ে চাঁদাবাজি করছেন। গত ৫ বছর যাবৎ তারা অহেতুক আমার ওপর অমানবিক ভাবে অত্যাচার, নির্যাতন করে আসছে।

এ ব্যাপারে অভিযুক্ত লিয়াকত আলী বলেন, আমি বোনের শাশুড়ির কাছে চাঁদা দাবি করিনি। এর আগে তারা তাদের সম্পত্তি ভাগাভাগি কেন্দ্র করে আমার বোনকে বেধড়ক পেটায়। হামলার ঘটনায় জড়িত আমার বোনের দেবর, শাশুড়ি ও অন্য সদস্যদের নামে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করি, যা বিচারাধীন রয়েছে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ অভিযোগের সত্যতা স্বীকার করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত