ব্রাহ্মণবাড়িয়া

টিকেট কালোবাজারির বিরুদ্ধে মানববন্ধন, ফেরার পথে হামলায় আহত ৪

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারির বিরুদ্ধে মানববন্ধন শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চার শিক্ষার্থী। এ ঘটনায় শাহজাহান নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি এলাকার পুনিয়াউট মহল্লায়।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সৌরভ এবং তানভীরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি ও দায়িত্বশীলদের টিকেট সিন্ডিকেট, ব্ল্যাকারসহ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শাস্তি দাবিতে বেলা ১১টায় ‘সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভোগীরা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা চলে যাওয়ার সময় তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাউন্টারের সামনে শাহজাহানসহ কয়েকজন শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে চার শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে শাহজাহানকে আটক করেন। তবে অন্যরা পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে থেকে টিকেট কালোবাজারি শাহজাহানকে আটক করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত (মাস্টার) মো. জসিম উদ্দিন বলেন, কেউ যদি অনলাইনে টিকেট কেটে বেশি দাম বিক্রি করে সেটা রোধ করা যাবে না। টিকেট কালোবাজারির সাথে স্টেশনের কেউ জড়িত নয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক শেখ আরিফ বিল্লাহ আজিজী , ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাবের হোসেন, বোরহান সিয়াম, মোহাইমিনুল আজমিন, আবু বক্কর, তোফাজ্জল হোসেন, মো. মারুফ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত