‘আমি বুঝতেই পারছি না ভারত কীভাবে বাড়তি সুবিধা পেল?’

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০:১১ এএম

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত বাড়তি সুবিধা নিয়েছে বলে ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনা। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। তাই তাদেরকে অন্য ভেন্যুতে যাতায়াতে বাড়তি কোনো বিমান ভ্রমণ করতে হচ্ছে না। বরং একটি ভেন্যুর কথা মাথায় রেখেই দল সাজাতে পারছে। তবে তাদের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বুঝতেই পারছেন না, ভারত কীভাবে বাড়তি সুবিধা পাচ্ছে।

দুবাইয়ে সংবাদসাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে। আমরা ফাইনালে উঠেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই খারাপ ব্যাপার!’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়। জানি না কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত