মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ‘ধর্ষণের’ ঘটনার তিনদিন পর চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে ভুক্তভোগীর মা মাগুরা সদর থানায় এজাহার পাঠান। সেই অনুযায়ী বেলা ৩টার দিকে মামলা রুজু হয়।
মামলায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলার চার আসামি আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়।
