চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার মো. ফরমান আলী ও হুমায়ুন কবির পলাশ নামে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। শনিবার (০৮ মার্চ) বিকালে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. রহুল আমিন মিলন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরমান আলী ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পলাশকে দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। তদন্ত সাপেক্ষে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এছাড়া মেষ্টা ইউনিয়নের ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল হকের বিএনপি বা অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ততা নেই বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, হাজীপুর বাজারের ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন তারা। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (০৭ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে হাজিপুর বাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ