নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। হামলায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন নড়াইল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন- সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবু মোল্যা (৫৫), ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৪০) এবং নিউটন গাজী (৩৯)।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ইউনিয়ন বিএনপি অফিসে ভুক্তভোগী নেতাকর্মীরা বসেছিলেন। হঠাৎ করে তাদের লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে হামলার ঘটনায় নিউটন গাজীর পক্ষ থেকে তার প্রতিপক্ষ সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখকে দায়ী করা হচ্ছে। তবে হামলার কিছুক্ষণ পর সাবেক এই ইউপি চেয়ারম্যান রাজধানী ঢাকা থেকে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন।
নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, গোবরা এলাকায় ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত বিষয়টি তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার দুই বিএনপি নেতা বহিষ্কার 