১৫ রোজার মধ্যেই সড়ক সংস্কার করা হবে: উপদেষ্টা ফাওজুল

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রোজার মধ্যেই যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি৷

সড়ক উপদেষ্টা বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি লোক গ্রামে যায়। তাদের যাত্রা যেন দ্রুত এবং নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে৷ বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি।

তিনি আরও বলেন, ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসিটিভি বসানো হবে। যাত্রীদের কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হয়রানি হচ্ছে এগুলো তাৎক্ষণিকভাবে মনিটরিং করা হবে। এজন্য বিআরটিএ এবং সিটি কর্পোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে।

সড়ক উপদেষ্টা বলেন, টিকেট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিক পক্ষ অসস্ত্ব করেছেন। এবার আমরা আশা করছি যানজট কম হবে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন তারা একদিন আগে পরে করে যেতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত