ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করার সময়সীমা ইসি অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের একটা সময়সীমা রয়েছে। সে লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলছে। ডিসেম্বরে ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইন মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
গতকাল সোমবার দুপুরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সিইসি জানান, ওনারা কমিশনকে সহায়তা করতে চান।
অবজারভার বিষয়ে জানতে চেয়েছেন। আমরা যা যা করছি, সব জানিয়েছি। ভোটার রেজিস্ট্রেশন, দল নিবন্ধনের জন্য শিগগির বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছি। প্রকিউরমেন্টে যাব। যে কাজগুলো সময়সাপেক্ষ সেগুলো ছয়-সাত মাস লাগে, সেসব আমরা শুরু করছি।
সিইসি জানান, অবজারভার পলিসিগুলো দেখা হবে। বিদেশি অবজারভার পলিসি হয়তো পরিবর্তন করতে হবে না; স্থানীয় অবজারভার পলিসি রিভাইজ করা হবে। সময় মতো অবজারভার নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।
ইসির অগ্রগতি জেনে যুক্তরাজ্য হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়ে তিনি বলেন, তারা প্রশংসা করেছে এবং সন্তুষ্ট হয়েছে। পরবর্তী নির্বাচনে কীভাবে সাহায্য করতে পারে, তা জানতে চেয়েছে। আমরা দলগুলোর এজেন্টদের প্রশিক্ষণ, পর্যবেক্ষকদের নিয়মকানুন এবং ভোটগ্রহণের দিন তাদের দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছি।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি : এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক-এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলি পূরণে সক্ষম রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণপূর্বক আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নিবন্ধনের জন্য নতুন কোনো শর্ত যোগ বা শিথিল করা হয়নি। বিদ্যমান আইন-বিধি মেনে নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোকে আবেদন করতে হবে।
জাতীয় নির্বাচনে প্রবাসীদের প্রক্সি ভোটের সুযোগ : আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, একটি অ্যাপ তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপের মধ্যেই প্রবাসীরা তাদের নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন।
এ বিষয়ে এনআইডি নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক আব্দুল মমিন সরকার গণমাধ্যমে বলেছেন, প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে কিছু প্রস্তাব কমিশনের সামনে তুলে ধরা হয়েছিল। সব প্রস্তাবগুলোর মধ্যে কমিশন প্রক্সি ভোটের পদ্ধতিতে আগ্রহ দেখিয়েছে। এটা নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি। প্রক্সি ভোটের বিষয়ে আমরা একটি প্রস্তাব কমিশনের কাছে উপস্থাপন করব। পরে কমিশনে অনুমোদনের পর সিদ্ধান্ত হিসেবে ধরা হবে।
তিনি জানান, ভোট দেওয়ার এমন পদ্ধতি নিয়ে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এ ছাড়া দেশের বিভিন্ন বড় বড় আইটি ফার্মের সঙ্গেও আলোচনা করে মতামত নেওয়া হবে। প্রক্সি ভোটের বিষয়ে কারিগরি সবদিক যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
