৪১ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার ভাবনা ট্রাম্পের

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৬:৩৩ এএম

আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তানসহ কয়েক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নানামাত্রিক বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিষয়টি সম্বন্ধে অবগত একাধিক সূত্র ও অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের দেখা নথিটিতে তিনটি পৃথক গ্রুপে মোট ৪১টি দেশের নাম আছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের অংশ হিসেবে নতুন একটি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

তালিকা অনুযায়ী, ৪১টি দেশকে তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথম ‘লাল’ তালিকায় আছে ১০টি দেশ, যার মধ্যে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া রয়েছে। এসব দেশের ক্ষেত্রে জন্য সম্পূর্ণ ভিসা স্থগিত করার সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় ‘কমলা’ তালিকায় থাকা পাঁচটি দেশ ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান আংশিক নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এতে পর্যটক, শিক্ষার্থী এবং অভিবাসন-সংক্রান্ত কিছু ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হবে।

‘হলুদ’ তালিকায় বেলারুশ, পাকিস্তান ও তুর্কমেনিস্তানসহ ২৬টি দেশ রয়েছে। এসব দেশের সরকার নির্দিষ্ট ঘাটতি বা ত্রুটি নিরসনে ৬০ দিনের মধ্যে উদ্যোগ না নিলে যুক্তরাষ্ট্রে ভিসা ইস্যুর ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তালিকাটি এখনো অনুমোদিত হয়নি এবং তাতে পরিবর্তন আসতে পারে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকেও এটি এখনো অনুমোদন পায়নি।

এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদের সময়ও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। যদিও পরে বিভিন্ন পর্যায়ে পরিবর্তনের পর ২০১৮ সালে মার্কিন সুপ্রিম কোর্ট এ নিষেধাজ্ঞা বহাল রাখে।

চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বিদেশি নাগরিকদের ভ্রমণ অনুমোদনের ক্ষেত্রে আরও কঠোর নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। এ আদেশের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রীরা ২১ মার্চের মধ্যে একটি তালিকা প্রস্তুত করবেন, যেখানে বলা হবেকোন দেশগুলো নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিংয়ে এতটাই পিছিয়ে রয়েছে যে তাদের জন্য আংশিক বা সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেই ট্রাম্প এই কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে দেওয়া এক ভাষণে তিনি এই পরিকল্পনার আভাস দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির দেশগুলোর নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। এ বিষয়ে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত