নাহিদ-রিশাদদের পিএসএল খেলতে দেওয়ার পক্ষে শান্ত

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ সব সময়ই সীমিত থাকে। অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া আরও কঠিন। তবে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ড্রাফট থেকে সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। যদিও একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাঁদের খেলা এখনো অনিশ্চিত। 

এ প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, দেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা উচিত। আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদের খেলতে যাওয়া উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললে অভিজ্ঞতা বাড়বে, বাইরের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করে শেখার সুযোগ তৈরি হবে। আশা করব, সামনে আমাদের ক্রিকেটাররা আরও বেশি সুযোগ পাবে।’ 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলেও গতির কারণে আলোচনায় আছেন তরুণ পেসার নাহিদ রানা। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ক্রিকেট বিশ্ব।

নাহিদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ইতিবাচক কথা বলেছেন অধিনায়ক নাজমুলও। তিনি বলেন, ‘নাহিদ আমাদের জন্য দারুণ এক সম্পদ। বিশ্ব ক্রিকেটে তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় দলের ফিজিও ও আবাহনীর স্টাফরা তাঁর ওয়ার্কলোড ভালোভাবে ম্যানেজ করছে। আল্লাহর রহমতে সে ফিট আছে এবং এনার্জি ধরে রেখেছে।’ 

পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। তবে এখন পর্যন্ত বিসিবির কাছে নাহিদ, লিটন বা রিশাদের কেউই এনওসির জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 

এদিকে, চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষে আছে নাজমুলের দল আবাহনী। তবে ব্যক্তিগতভাবে খুব একটা ফর্মে নেই তিনি। এখন পর্যন্ত চার ইনিংসে করেছেন মাত্র ৭৮ রান, নেই কোনো ফিফটি। তবে এ নিয়ে চিন্তিত নন শান্ত, ‘দল জিতছে, এটাই বড় ব্যাপার। ব্যাটিং নিয়ে বেশি ভাবছি না।’ 

ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা শেষ পর্যন্ত বিসিবির অনুমতি পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত