অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় আবার তাগিদ দিয়েছেন তিনি। গতকাল সোমবার ‘বাংলাদেশ আইন সমিতি’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনির হোসেন। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘অন্তর্র্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব অনেকাংশেই বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল। একটি স্বাধীন বিচার বিভাগ শুধু তখনই কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে, যখন স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত হয়। এটি (পৃথক সচিবালয় প্রতিষ্ঠা) অন্তর্র্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে টেকসই ও অর্থবহ করে তুলতে সক্ষম হবে।’ তিনি আরও বলেন, আগামী দিনগুলো বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন সমিতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে রোডম্যাপ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
