চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি চন্দন দাশ ও রাজীব ভট্টাচার্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবী হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত জেলগেটে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
আদালত সূত্র জানায়, আসামি চন্দন দাশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিবা নামের একজনের নাম উল্লেখ করেছিলেন। আর রাজীব ভট্টাচার্য তার জবানবন্দিতে ওমবাই নামের একজনের নাম জানিয়েছেন। শিবা ও ওমবাইয়ের বিষয়ে আরও তথ্য নিতে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমান।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত বছরের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে।
