অনিয়ম ও দুর্নীতির ৫৩ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৮৪৪ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারজানা জাহান মালার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, যশোর-৬ আসনের সাবেক এমপি শাহীন চাকলাদারের ৬৭ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৩৪৩ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ২৪ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৭২০ টাকার সম্পদ অর্জনের গ্রহণযোগ্য উৎস পাওয়া গেলেও বাকি ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার সম্পদ অর্জনের গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়নি। এ পরিমাণ সম্পদ অবৈধ উপায়ে অর্জন করে নিজ ভোগদখলে রাখায় এবং তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি মামলা করা হয়। এ ছাড়া স্বামীর প্রভাব খাটিয়ে তার স্ত্রী ফারজানা জাহান মালা ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করা হয়।
