প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী বংশোদ্ভুত হামজা চৌধুরীকে জাতীয় দলে নেয়া হয়েছে। গতকাল দেশে আসা হামজা আজ যোগ দিচ্ছেন সৌদি ফেরত দলের সঙ্গে। আরেকজন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে প্রাথমিকে দলে ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু নিয়মিত অনুশীলনের পর আর দলে টিকতে পারেননি। সকালে অন্যরা দেশে ফিরলেও সঙ্গে আসেননি ফাহমিদুল। তিনি সৌদি আরব থেকে ফিরে গেছেন ইতালি!
ফাহমিদুলকে নিয়ে সন্তুষ্ট নন কোচ। ক্যাবরেরা বলেছেন, 'সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’
ম্যানেজার আমের খান আরো ব্যাখ্যা করে বলেছেন, 'আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে। কোচ তাকে অনুশীলনে নানাভাবে চেষ্টা করেছে। তার কাছে মনে হয়েছে ফাহমিদুলের আরও সময় প্রয়োজন। হয়তো সামনে অনূর্ধ্ব ২৩ দলে ওকে ডাকা হবে। আস্তে আস্তে মূল দলের জন্য তৈরি করা হবে। এখনই হতাশ হওয়ার কিছু নেই।'
বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে।
পাপন সিং, সুশান্ত ত্রিপুরা সৌদিতে ইনজুরিতে পড়েছেন। তাদের বাদ পড়া নিশ্চিত। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু ও তারিক কাজীও ফুল ফিট নন। তাই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেয়াও কিছুটা কঠিন হবে কোচ ক্যাবরেরার জন্য।
বাছাইপর্ব থেকে ছিটকে গিয়ে মেসির আবেগঘন বার্তা
রাজনীতি করতে চান ওয়ার্নার; প্রশ্ন- ভারতে না অস্ট্রেলিয়ায়?