পটুয়াখালীর দুমকিতে সুদে লগ্নিকৃত টাকা আদায় করতে গিয়ে গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) রাত নয়টায় দুমকি থানায় ভুক্তভোগী নিজে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সুদি কারবারি বশির উদ্দিন খোকন পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং পার্শ্ববর্তী গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
ভিকটিমের অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে ভুক্তভোগীর বাসায় সুদে লগ্নিকৃত পাওনা টাকা চাইতে যান শিক্ষক বশির উদ্দিন খোকন। স্বামী আল আমীন বাড়িতে নাই বলে জানান গৃহবধূ এবং তার স্বামী বাসায় আসলে টাকার ব্যাপারে তাকে জানাবেন বলে জানিয়ে দেন। এদিকে স্বামী বাসায় নাই জেনে গৃহবধূর কাছে প্রথমে পানি চান এবং পানি খাওয়া হলে গৃহবধূর হাত ধরে টানাটানি শুরু করেন শিক্ষক বশির উদ্দিন খোকন। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন আসে। এ সময় বাসার সামনের দরজা খুলে তাৎক্ষণিক পালিয়ে যান বশির উদ্দিন খোকন। পরে সেদিনই শিক্ষক বশির উদ্দিন খোকনের বউ নেহারকে পুরো বিষয়টি জানান শ্লীলতাহানির শিকার গৃহবধূর স্বামী। আর তাতেই উল্টো হুমকি দেন নেহার।
এ ছাড়া সোমবার দুপুরে প্রতিবেদককে ফোন দিয়ে শ্লীলতাহানির শিকার ভুক্তভোগী গৃহবধূ জানান, তাকে ও তার স্বামীকে আপাতত কয়েকদিনের জন্য এলাকা ছেড়ে ঢাকা যেতে বলেন শিক্ষক বশির উদ্দিন খোকন। আর যাওয়ার জন্য তাদের পাঁচ হাজার টাকাও দিতে চান তিনি।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, শিক্ষক বশির উদ্দিন খোকনের কাছ থেকে ৩০ হাজার টাকা সুদে নিয়েছি এবং মাসে তার সুদও দিচ্ছি। কিন্তু তাই বলে আমার স্ত্রীর সাথে খারাপ কিছু করতে চাইবে। আমি এর কঠিন বিচার চাই।
অভিযোগের বিষয়ে শিক্ষক বশির উদ্দিন খোকন বলেন, আমি তাদের বাসায় গিয়েছি শুধু পাওনা টাকা চাইতে। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ময়লার ভাগারে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত