রেমিট্যান্স ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক-নগদের চুক্তি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

রেমিট্যান্স বিতরণ ও ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে ওয়ান ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

সম্প্রতি রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া এবং ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি নগদ ওয়ালেটে গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) ও ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠানো যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া ওয়ান ব্যাংকের ন্যানো ঋণসহ অন্যান্য ঋণ এবং মাসিক সঞ্চয় প্রকল্পের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধের সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া বলেন, ‘ওয়ান ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বের ফলে গ্রাহকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার সুযোগ বাড়বে। বিশেষ করে সরাসরি নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাওয়ার সুবিধা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের লেনদেন সহজ করবে। ভবিষ্যতে ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা চালু হলে গ্রাহকেরা আরও উপকৃত হবেন।’

ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম বলেন, ‘নগদের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের শাখা নেই, এমন এলাকাতেও রেমিট্যান্স বিতরণ করা সম্ভব হবে। পাশাপাশি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা চালু এবং নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যানো ঋণসেবা দেওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করবে দুই প্রতিষ্ঠান।’

অনুষ্ঠানে নগদের রেমিট্যান্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার, জ্যেষ্ঠ ব্যবস্থাপক শাহ ইমরান ও পাইক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফর, পাবলিক সেক্টর ডিভিশনের ইভিপি এ কে এম সালাহ উদ্দিন খান, আন্তর্জাতিক বিভাগের ইনচার্জ চৌধুরী মাকসুদুল হক, পাবলিক সেক্টর ডিভিশনের ভিপি আসমা নূরজাহান, রেমিট্যান্স বিভাগের ইনচার্জ এ কে এম আবদুল্লাহ আল মামুনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত