হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবস্টেশনে এই আগুন থেকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্র্তৃপক্ষ। বিমানবন্দর খোলার ঘোষণা না আসা পর্যন্ত যাত্রীদের সেখানে না যেতে অনুরোধ করা হয়েছে। এদিকে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে ফিরে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী বিজি ২০১ ফ্লাইট। বিমান জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লন্ডনের পথে ফ্লাইট রওনা দেবে। বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিথ্রোয় বিদ্যুৎ সরবরাহকারী বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগে। এতে আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বন্ধ হয়ে যায়। হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলমান রয়েছে।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত হিথ্রো বন্ধ করে দিতে হয়েছে। যাত্রীদের জন্য এটি সুখবর নয়, আমরা জানি। কিন্তু পরিস্থিতি সামাল দিতে এর বিকল্প ছিল না। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যতটাসম্ভব কঠোর পরিশ্রম করছি। অনাকাক্সিক্ষত এ দুর্ঘটনার জন্য বিমানবন্দর কর্র্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
হিথ্রো বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় ১৩০০ ফ্লাইট ওঠানামা করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী (আট কোটি ৩৯ লাখ) এই বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল ব্যবহার করেছেন।
বিশ্বের পঞ্চম ব্যস্ততম এই বিমানবন্দর বন্ধের কারণে নানা সংস্থার উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। শুক্রবার হিথ্রোর অচলাবস্থার কারণে অন্তত ১৩৫১টি ফ্লাইট প্রভাবিত হবে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, হিথ্রো বন্ধ ঘোষণার সময় ১২০ টির মতো ফ্লাইট মাঝ আকাশে ছিল, যেগুলো এই ঘোষণা জটিলতায় পড়বে। হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণায় ১৩০০ ’রও বেশি ফ্লাইট বিঘ্নিত হবে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, বৈদ্যুতিক উপকেন্দ্রটির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে বৈদ্যুতিক উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি ফায়ার সার্ভিস। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সাতটি ফ্লাইট হিথ্রোর পথে রওনা হওয়ার পর আবার ফিরে গেছে বা অন্য বিমানবন্দরের পথে রওনা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি সংস্থা কোয়ান্টাস এয়ারলাইন জানিয়েছে, তাদেরও দুটি ফ্লাইট দিক বদলে লন্ডন থেকে প্যারিসের দিকে চলে গেছে।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটটিও ঢাকা থেকে লন্ডনের পথে রওনা হয়েছিল। হিথ্রো বিমানবন্দর বন্ধের ঘোষণায় মাঝপথ থেকে সেটি ঢাকা ফিরে আসছে।
যোগাযোগ করলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলাম এক বার্তায় জানিয়েছেন, লন্ডনে যে ফ্লাইটটি যাচ্ছিল সেটি মাঝপথ থেকে ফিরে আসছে। কারণ লন্ডনে ফ্লাইট ওঠানামা এখন বন্ধ। পরিস্থিতি ঠিক হলে আবার ফ্লাইট চালু হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
