বগুড়া ও বরিশালে সড়কে প্রাণ গেল তিনজনের

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল দুপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে এক তরুণের। বিস্তারিত প্রতিনিধিদের খবরেÑ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের : বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহতরা হলেন উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হুসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৬)।

আহতরা হলেনÑ সুন্দরী (৪৫), বাসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), সরস্বতী (৫৫), সাগরিকা (৫০), সুনীল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রী (৫২), মো. আ. সাত্তার (৬০), বাঁশরী (৫০), ক্ষন্নষশি (৫০)। আহতরা খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়,  ট্রাকটি জেলার ধুনট উপজেলার দিক থেকে শেরপুর শহরের দিকে আসছিল। এ সময় রনবীরবালা এলাকায় বশীর পাগলা মাজারের কাছে দাঁড়িয়ে থাকা হানিফ নামে এক পথচারীকে চাপা দেয়। এর ২০০ গজ দূরে ট্রাকটি যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।

আহত হারান বলেন, আমরা সকালে ঝাঁজর এলাকা থেকে ভটভটিতে করে ১৭ জন নারী ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে উপজেলার কুসুম্বি ইউনিয়নে যাচ্ছিলাম। পথে রনবীরবালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ সজীব (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আনন্দ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দুপুরে মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার। 

নিহত মোহাম্মদ সজীব বরিশাল নগরীর ঝড়ঝড়িয়াতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে। আহত আনন্দ বরগুনার বামনা উপজেলার মনোরন্দ এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বরগুনাগামী ‘মোড়ল এক্সপ্রেসের’ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। 

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত