পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথটুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বরাট গ্রামের তয়জল শেখের ছেলে আব্দুল মালেক (৬০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমনিতে বাবা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিল না। তবে ছেলে কাজ কাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে বাবার সঙ্গে তর্কে জড়ায় ছেলে মানিক। তর্কের একপর্যায়ে ধার দেওয়া কুড়াল নিয়েই বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
