ঢাকার কেরানীগঞ্জে জোবায়ের হোসেন (৩৭) নামের এক ব্যবসায়ীকে দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, নিহত জোবায়ের গোলাম বাজার মজিদপাড়ায় নিজ বাড়িতে থাকতেন ও ইট-বালুর ব্যবসা করতেন। তার পিতার নাম মীর হাবিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল গোলাম বাজারে নিজের ইট-বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের। বেলা সাড়ে ১২ টার দিকে যুবলীগ নেতা সোবাহান অর্ধশতাধিক লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জোবায়েরের গদিতে হামলা করেন। হামলাকারীরাও তাকে তাড়া করে কুপিয়ে জখম করে। পরে জোবায়ের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও হামলা চালায়। জোবায়েরকে ওই দোকান থেকে বের করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এরপর এলাকায় ককটেল ফাটিয়ে হামলাকারীরা পালিয়ে যায়
স্থানীয় লোকজনের ভাষ্য, গোলাম বাজার এলাকার একটি জমি নিয়ে তাঁতী লীগের সাবেক সভাপতি ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া মোল্লা ফারুকের সঙ্গে সেন্টু নামের এক ব্যক্তির বিরোধ চলছে। ওই জমিটি সেন্টু জোবায়েরকে দেখভালের দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। ওই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
