জামালপুরের মেলান্দহ উপজেলায় রফিকুল ইসলাম (৪৩) নামে এক বিকাশ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁচ লাখ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় মো.ফারুক (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (২২ মার্চ) গভীর রাতে মেলান্দহ পৌরসভার কামদেববাড়ী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ফারুক মেলান্দহ পৌর শহরের চাকদহ এলাকার নুরুল ইসলামের ছেলে।
ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ী মো.রফিকুল ইসলাম মেলান্দহ পৌর শহরের কামদেববাড়ী এলাকার বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে সাড়ে ১১টা দিকে বিকাশ ব্যবসায়ী রফিকুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ফারুক এবং আশিকসহ আরও কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা করে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, চারটি মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের সময় আসামি ফারুক ঘটনাস্থলে নিজের মোবাইল ফেলে যায়। পরে মোবাইলটি আনতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাতুড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আশিকসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৫০ হাজার মুক্তিপণে কলেজছাত্রের মুক্তি, পুলিশ বলছে সন্দেহজনক
খুলনা সদর থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা