সুন্দরগঞ্জে নিখোঁজ সুইপারের লাশ মিলল নদীতে

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ৫দিন পর স্বপন বাসফোঁর (৩৫) নামের এক সুইপারের মরদেহ ঘাঘট নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরী এলাকার ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বপন বাসফোঁর বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাসফোঁরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপন বাসফোঁর পেশায় একজন সুইপার। গত বুধবার আনুমানিক রাত ১২টার দিকে নেশাগ্ৰস্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ বরিবার বিকেলে তার মরদেহ ঘাঘট নদীতে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্বপনের লাশ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে পরিবারের লোকজনের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত